অপহরণের অর্ধেকের বেশি ঢাকা ও চট্টগ্রামে

অপহরণের শিকার শিশুটিকে উদ্ধারের পর মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়। সম্প্রতি নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায়
ফাইল ছবি

গাজীপুরে গত বছরের ২৯ জুলাইয়ে পোশাকশ্রমিক এক দম্পতির সাত বছরের প্রতিবন্ধী ছেলে অপহরণের শিকার হয়। ওই রাতেই অজ্ঞাতনামা ব্যক্তিরা ফোন করে ছেলের মুক্তিপণ বাবদ তার মা-বাবার কাছে ৫০ হাজার টাকা দাবি করে। পরের দিন পাশের একটি বাগানের ভেতরে প্লাস্টিকের ব্যাগ মোড়ানো শিশুটির লাশ পাওয়া যায়। দেশে ছয় বছর ধরে এ রকম অপহরণের ঘটনা বেড়েই চলেছে। এ সময়কালে সংঘটিত অপহরণের অর্ধেকের বেশি ঘটেছে দুই বড় বিভাগ ঢাকা ও চট্টগ্রামে। বাংলাদেশ পিস অবজারভেটরির (বিপিও) বিশ্লেষণে এমন তথ্য উঠে এসেছে।

বিপিও ২০১৫ সালের জানুয়ারি থেকে চলতি বছরের মে পর্যন্ত অপহরণের ঘটনাগুলো বিশ্লেষণ করেছে। সেই বিশ্লেষণ ‘ক্রাইম ইন বাংলাদেশ: অ্যাবডাকশন/কিডন্যাপিং: অ্যান ওভারভিউ ফ্রম বিপিও’ শিরোনামের একটি ভিডিও বার্তার মাধ্যমে প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ওই সময়কালে দেশে ঘটে যাওয়া অপহরণের ঘটনার মধ্যে ঢাকায় ২৬ দশমিক ৪ শতাংশ, চট্টগ্রামে ২৪ দশমিক ৪ শতাংশ, রাজশাহীতে ১৩ দশমিক ৫ শতাংশ, খুলনায় ১২ দশমিক ১৭ শতাংশ, রংপুরে ৭ দশমিক ১ শতাংশ, বরিশালে ৬ দশমিক ৭ শতাংশ, সিলেটে ৫ দশমিক ১ শতাংশ ও ময়মনসিংহে ৪ দশমিক ৬ শতাংশ।
বছর ধরে অপহরণের চিত্রও বিপিওর বিশ্লেষণে উঠে এসেছে। ২০১৫ সালে ৩০৩, ২০১৬ সালে ৩০৯, ২০১৭ সালে ৩২৪, ২০১৮ সালে ৩২৯, ২০১৯ সালে ৩৯৫ ও ২০২০ সালে ২৯৭টি অপহরণের ঘটনা ঘটে, এমনটা বিপিওর বিশ্লেষণে বলা হয়েছে। সেই হিসাবে প্রতিবছর গড়ে ৩২০টি অপহরণের ঘটনা ঘটেছে। ২০২০ সালে করোনা মহামারির কারণে অন্যান্য বছরের তুলনায় ওই বছর কম অপহরণের ঘটনা ঘটেছে। চলতি বছর শেষ না হওয়ায় এ বছরের মোট অপহরণের ঘটনা উল্লেখ করা হয়নি। এসব অপহরণের ঘটনায় জড়িত সন্দেহে ২০১৫ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের মে পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৮০৬ জনকে।

বিপিওর বিশ্লেষণে আরও দেখা গেছে, গত ছয় বছরে দেশে এসব অপহরণের ক্ষেত্রে হতাহতের ঘটনা ঘটেছে, যা ১৯ শতাংশের মতো। এর মধ্যে নিহত হয়েছেন ৪১৪ জন। আহত হয়েছেন ৬০৭ জন। অপহরণের ঘটনায় ৩০ শতাংশ মুক্তিপণ দেওয়া হয়েছে।

অপহরণের বৈশ্বিক চিত্র

সবচেয়ে বেশি অপহরণের শিকার দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান অষ্টম। আর তালিকায় সবার ওপরে উত্তর আমেরিকার দেশ মেক্সিকো। এরপরই রয়েছে বাংলাদেশের প্রতিবেশী ভারত ও পাকিস্তান যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয়। বিশ্বজুড়েই অপহরণের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে।

বিপিও বলেছে, সামাজিক, রাজনৈতিক ও প্রযুক্তিগত সুরক্ষা নিয়ে কাজ করা আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান কন্ট্রোল রিস্ক গ্রুপের (সিআরজি) তথ্যমতে, ২০০০-২০১০ সাল—১০ বছরে বিশ্বজুড়ে অপহরণের ঘটনা বেড়েছে ২৭৫ শতাংশ। সংঘাতপ্রবণ দেশগুলোতে অপহরণের প্রবণতা বেশি।

রাজনৈতিকভাবে পরিচালিত মিলিশিয়া বাহিনী, মাদক ব্যবসায় জড়িত মাফিয়া চক্র, সংঘবদ্ধ অপরাধী চক্র প্রধানত এ অপরাধের সঙ্গে যুক্ত। রাজনৈতিক কারণেও অপহরণের ঘটনা ঘটছে।

যে কারণে ঘটছে এই অপরাধ

অঞ্চলভেদে অপহরণের কারণেও কিছুটা ভিন্নতা লক্ষ করা গেছে। বিপিও জানিয়েছে, এশিয়ায় বেশির ভাগ অপহরণের ঘটনা ঘটেছে ব্যক্তিগত বিদ্বেষ, ভিক্ষাবৃত্তিতে যুক্ত করানো, মানবদেহের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি ও বিয়ে করার উদ্দেশ্যে। বাংলাদেশে এর প্রধান কারণগুলো হলো মুক্তিপণ আদায়, যৌন নির্যাতন, পরিবার ও ভূমি নিয়ে বিবাদ ও রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করা।

২০১৯ সালে ভারত সরকারের অপরাধসংক্রান্ত একটি প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে ৩৯ শতাংশ অপহরণের ঘটনা ঘটছে বিয়ে অথবা প্রেমঘটিত কারণে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো প্রতিবেদনটি প্রস্তুত করে।

বাংলাদেশের নারীরাও অপহরণের অন্যতম টার্গেটের শিকার। অপহরণের ঘটনা নারীর প্রতি সহিংসতাকে উসকে দিয়েছে। অপহরণজনিত অপরাধে গত ৬ বছরে ৫৬ জন নারীর মৃত্যু হয়েছে; আহত হয়েছেন ২১২ জন।

প্রতিরোধের উপায়

অপহরণের ঘটনা মোকাবিলা ও অপরাধীদের ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। আধুনিক সব প্রযুক্তি ব্যবহার করে এই অপরাধীদের শনাক্তের পাশাপাশি অপরাধী চক্রের নেটওয়ার্ক ভেঙে গুঁড়িয়ে দেওয়ার কথাও বলেছেন বিশেষজ্ঞরা। এ ছাড়া সারা দেশে এ বিষয়ে জনসচেতনতা বাড়ানো এবং সভা সেমিনারের আয়োজন করার কথা বলা হয়েছে। এ ক্ষেত্রে গণমাধ্যম, সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সরকার গুরুত্ব অনেক বেশি বলে মত দেন বিশেষজ্ঞরা। অপহরণের ঘটনায় করা মামলার বিচারকাজ দ্রুত সম্পন্ন করারও তাগিদ দেন তাঁরা।