রাজধানীর সবুজবাগ থেকে গত মঙ্গলবার রাতে অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
ডিবি বলেছে, গ্রেপ্তার হওয়া মোজাহিদুর রহমান ওরফে আবেদ ও আরিফ হোসেন ডাকাত দলের সদস্য। তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি পাওয়া গেছে।
ডিবি পুলিশ জানায়. গত মঙ্গলবার রাত আটটার দিকে ডিবির একটি দল গোপন তথ্যের ভিত্তিতে সবুজবাগ উড়ালসড়কের ঢালে অভিযান চালিয়ে মোজাহিদুর ও আরিফকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি চাপাতি, দুটি ছোড়া, একটি গুলি ও একটি ম্যাগাজিন ও একটি গাড়ি উদ্ধার করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে গতকাল বুধবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুনতাসিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ডাকাতি করার জন্য ওই স্থানে জড়ো হয়েছিল বলে জিজ্ঞাসাবাদে বলেছে।