শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গত মঙ্গলবার রাতে ছিনতাইকালে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তারা হচ্ছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাপুটিয়া গ্রামের নিলয় তালুকদার (১৮) ও ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মাঝিয়াল গ্রামের মো. রুজেল আহম্মেদ (১৮)। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সুতিয়ারপাড় এলাকায় সেতুর ওপর নিলয় ও রুজেল পথচারী মনির হোসেনের গলায় ছুরি ঠেকিয়ে তাঁর সাইকেলটি ছিনিয়ে নেয়। এ সময় মনিরের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে নিলয় ও রুজেলকে আটক করে পুলিশে সোপর্দ করেন। গতকাল বুধবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।