চাঁপাইনবাবগঞ্জে ‘জঙ্গি আস্তানা’য় অভিযান

আত্মসমর্পণের আহ্বানের পর বিকট বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জঙ্গি আস্তানা সন্দেহে গতকাল বুধবার ভোর থেকে এই বাড়িটি ঘিরে রাখে পুলিশ। ছবি: সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জঙ্গি আস্তানা সন্দেহে গতকাল বুধবার ভোর থেকে এই বাড়িটি ঘিরে রাখে পুলিশ। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ‘জঙ্গি আস্তানা’য় থাকা সন্দেহভাজন জঙ্গিদের আত্মসমর্পণ করতে আহ্বান জানিয়েছে পুলিশ। এই আহ্বানে কেউ সাড়া দেয়নি। একপর্যায়ে ‘জঙ্গি আস্তানা’র স্থান থেকে বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

উপজেলার মোবারকপুর ইউনিয়নের ত্রিমোহিনী শিবনগর গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো জঙ্গিবিরোধী অভিযান চালাচ্ছে পুলিশের বিশেষায়িত দল সোয়াট।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বলেন, বাড়িতে আজ সকালে ফের ‘ইগল হান্ট’ নামের অভিযান শুরু হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বাড়িটি থেকে গত রাতে ও আজ ভোরে কয়েক দফা গুলির শব্দ ভেসে আসে। সকাল নয়টার পর সেখান থেকে মুহুর্মুহু গুলির শব্দ আসে। অভিযান চালাকালে দিনভর থেকে থেমে থেমে গুলির শব্দ শোনা যায়।

পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গতকাল বুধবার রাত নয়টার দিকে এই অভিযান স্থগিত করা হয়েছিল। আজ সকালে ফের অভিযান শুরু করা হয়।

‘ইগল হান্ট’ নামের অভিযানে সোয়াটের দুই সদস্য। ছবি: প্রথম আলো

ঘটনাস্থলে সকালেই বোমা নিষ্ক্রিয়করণ দল আসে। সেখানে আছে সিআইডির ক্রাইমসিন ইউনিট ও ফায়ার সার্ভিস। এ ছাড়া হরিজন সম্প্রদায়ের কয়েকজন পরিচ্ছন্নতাকর্মীকে ঘটনাস্থলে ডাকা হয়েছে।

দুপুর ১২টার দিকে সন্দেহভাজন জঙ্গিদের আত্মসমর্পণ করতে মাইকে মিনিট পাঁচেক ধরে আহ্বান জানায় পুলিশ। কিন্তু এই আহ্বানে কেউ সাড়া দেয়নি।

দুপুর সাড়ে ১২টার দিকে ‘জঙ্গি আস্তানা’র স্থান থেকে বিকট বিস্ফোরণের শব্দ ভেসে আসে। সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়। এরপরই বাড়িটির দিকে ফায়ার সার্ভিসের সদস্যদের যেতে দেখা যায়।

জঙ্গি আস্তানা সন্দেহে গতকাল ভোর থেকে বাড়িটি ঘিরে রাখে জেলা পুলিশ ও কাউন্টার টেররিজম ইউনিট।

সাধারণ মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে গতকাল ভোর থেকে ঘটনাস্থলের আশপাশে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তা বজায় থাকবে বলে মাইকিং করে জানানো হয়েছে।

গতকাল সন্ধ্যার দিকে বাড়িটিতে জঙ্গিবিরোধী অভিযান শুরু করে সোয়াট। গতকাল সেখান থেকে মুহুর্মুহু গুলি ও কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। রাত নয়টার দিকে অভিযান স্থগিত করা হয়। আজ ভোরে ফের অভিযান চালানোর কথা জানানো হয়।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সন্দেহজনক জঙ্গি আস্তানা ঘিরে পুলিশ। অভিযানে যাচ্ছে সোয়াট। ছবি: সংগৃহীত

পুলিশ কর্মকর্তা ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, জঙ্গি আস্তানা হিসেবে যে বাড়িতে অভিযান চালানো হচ্ছে, সেটি সাইদুর রহমান ওরফে জেন্টু বিশ্বাসের। একটি আমবাগানে বাড়িটির অবস্থান।

বাড়িটিতে একই গ্রামের বাসিন্দা আবু (৩০) স্ত্রী ও দুই সন্তান নিয়ে অবস্থান করছেন বলে জানা গেছে। তবে আবুর পরিবার ছাড়াও বাড়িতে আরও দুজন থাকতে পারেন বলে পুলিশের ধারণা।

বাড়িটির প্রায় আধা কিলোমিটার দূরেই আবুর নিজের বাড়ি। পরিবারের সঙ্গে বনিবনা না হওয়ায় গত ফেব্রুয়ারি থেকে তিনি সাইদুরের মালিকানাধীন বাড়িতে বসবাস করছেন বলে জানা যায়।

আবু ত্রিমোহিনী আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করেছেন। স্থানীয় ৮-১০ জনের সঙ্গে চলাফেরা করতেন তিনি। অন্যদের সঙ্গে তেমন মিশতেন না। তাঁরা আলাদাভাবে নামাজ পড়তেন।

সূত্র বলেছে, আবুর সঙ্গীদের মধ্যে মাহফুজুর রহমান ওরফে মোহন (২৮) ও আবদুস সালাম (৩৫) নামের দুজনকে গত মঙ্গলবার রাতে শিবনগর থেকে আটক করে পুলিশ। তবে তাঁদের আটক করার বিষয়ে পুলিশ কিছু বলেনি।

জঙ্গি আস্তানা ঘিরে অভিযানে সোয়াট। ছবি: প্রথম অালো

আরও পড়ুন...
অভিযান শুরু, মুহুর্মুহু গুলি
‘জঙ্গি আস্তানা’য় মুহুর্মুহু গুলির শব্দ

এবার চাঁপাইনবাবগঞ্জে ‘জঙ্গি আস্তানা’য় অভিযান
শিবগঞ্জে গুলি-বিস্ফোরণের পর ‘ইগল হান্ট’ স্থগিত
জঙ্গি আস্তানায় থাকা ব্যক্তিকে নিয়ে যা জানা গেল
‘জঙ্গি আস্তানা’ ঘেরাও, গুলির শব্দ, ১৪৪ ধারা