বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বসবাসকারী আদিবাসী চাক সম্প্রদায়ের ছেলেমেয়েদের নানা প্রলোভনে ধর্মান্তরিত করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে চাক নেতারা এই অপতৎপরতা বন্ধ করার জন্য প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েও কোনো প্রতিকার পাচ্ছে না।
স্মারকলিপিতে স্বাক্ষর করেন নাইক্ষ্যংছড়ি ২৭০ নম্বর হেডম্যান বাছাটিং চাক, স্কুলশিক্ষক নাইন্দা অং চাক, কার্বারি ফোছা অং চাক, অং থোয়াই চিং চাকসহ ৩৯ জন।
স্মারকে বলা হয়, চাকরা বৌদ্ধধর্মের অনুসারী। কতিপয় বেসরকারি সংগঠন আর্থিক প্রলোভন দেখিয়ে চাক ছেলেমেয়েদের খ্রিষ্টান ধর্মে ধর্মান্তরিত করছে। স্মারকলিপির সঙ্গে সদ্য ধর্মান্তরিত হওয়া ১২ জন ছেলেমেয়ের নামের তালিকা সংযুক্ত করা হয়।
হেডম্যান বাছাটিং চাক বলেন, ‘লাংহানাং’ নামের একটি বেসরকারি সংগঠন স্বাস্থ্যসেবা, মানবসেবা ও দারিদ্র৵ বিমোচনের নামে পিছিয়ে থাকা চাক জনগোষ্ঠীকে ধর্মান্তরিত করার কাজ চালাচ্ছে। এদের অপতৎপরতা বন্ধের জন্য গত ২৯ অক্টোবর নাইক্ষ্যংছড়ি ইউএনওর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পাঠানো হয়।
উপজেলা সদরের রেস্টহাউস সড়কে কবির মৌলভীর ভাড়া বাসায় ‘লাংহানাং’-এর কার্যালয়। গত ২ নভেম্বর লা থোয়াই অং চাককে সভাপতি ও উলাচিং চাককে সাধারণ সম্পাদক করে উপজেলা সমাজসেবা কার্যালয়ে লাংহানাংয়ের নিবন্ধনের জন্য আবেদন করা হয়েছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাবেদ মীরজাদা বলেন, ‘লাংহানাংয়ের নিবন্ধনের ব্যাপারে আবেদনপত্র পেয়েছি। তবে ওদের ব্যাপারে অভিযোগ থাকায় খোঁজ-খবর নেওয়া হচ্ছে।’
গত বৃহস্পতিবার লাংহানাং কার্যালয়ে গিয়ে দেখা গেছে, সাতজন ছেলেমেয়ে পড়ালেখা করছে। এরা হচ্ছেন লা থোয়াই অং চাক-এর বর্তমান নাম সমুন ষ্টিফেন, উলাচিং চাক এখন মডি ক্রোক্ষ্যং, মংছাহ্লা চাক হয়েছে জেগ।
ধর্মান্তরিত হওয়া প্রসঙ্গে তাঁরা জানায়, ‘জোর করে নয়, যিশুর আদর্শ ভালো লেগেছে বলেই আমরা খ্রিষ্টান ধর্ম গ্রহণ করেছি।’
নাইক্ষ্যংছড়ি সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষক ছানু অং চাক, ব্যবসায়ী ফোছা অং চাক, অংথোয়াই চিং চাক বলেন, ক্রিশ্চিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট অব বাংলাদেশসহ (সিপিডিবি) অন্তত ১৩টি বেসরকারি সংস্থা চাকদের ধর্মান্তরিত করার বিপরীতে ‘লাংহানাং’কে অর্থ সহায়তা দিচ্ছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফাইল আহমদ বলেন, অর্থের বিনিময়ে ধর্মান্তর-প্রক্রিয়া বন্ধ করা না গেলে চাক সম্প্রদায়ের বিলুপ্তি ঘটবে।