বগুড়ার শিবগঞ্জ উপজেলার সংসাদীঘি বাজারে গতকাল রোববার সন্ধ্যায় জলাশয় নিয়ে বিবাদের জের ধরে ওমর ফারুক (৩০) নামের একজন খুন হয়েছেন। তিনি ওই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
গ্রামের চার-পাঁচজন বাসিন্দা বলেন, ৩৬৫ বিঘার সংসাদীঘি জলাশয়ে মাছ চাষ নিয়ে গ্রামের দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে দুপক্ষে কোন্দল, মামলা-হামলাও চলে আসছে। এরই জের ধরে গতকাল সন্ধ্যায় দুই পক্ষের মধে৵ বাগ্বিতণ্ডার একপর্যায়ে ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষ বেধে যায়। এ সময় ওমর ফারুক ও মেহেদুল ইসলাম (৩৫) গুরুতর আহত হন। এর মধ্যে ওমর ফারুককে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।