চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় এম রফিকুল ইসলাম (৫০) নামের এক ভুয়া চিকিৎসককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল আলম গতকাল শুক্রবার তাঁকে এ শাস্তি দেন।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) চুয়াডাঙ্গার উপপরিচালক (ডিডি) মো. জাফর ইকবালের দেওয়া তথ্যানুযায়ী এ আদালত পরিচালিত হয়। রফিকুল ইসলাম আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর মহল্লার বাসিন্দা।
জাফর ইকবাল জানান, এসএসসি পাস রফিকুল ইসলাম নিজেকে চক্ষু ও কান বিশেষজ্ঞ চিকিৎসক দাবি করে দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করছিলেন। তিনি প্রতি মঙ্গলবার উপজেলার মুন্সীগঞ্জ বাজারের হাজী সুপার বিপণিবিতানের আরাফ চশমা ও ঘড়িঘরে এবং প্রতি শুক্রবার জমাজমি বাজারের কৃষি ব্যাংকের নিচে চেম্বার খুলে রোগী দেখতেন। এ ছাড়া বাড়ি বাড়ি গিয়েও রোগীদের চিকিৎসার নামে প্রতারণা করতেন। তিনি আরও জানান, গতকাল দুপুরে উপজেলার রায়শা গ্রামের কাতব আলীর বাড়ি থেকে রফিকুলকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।