আশুলিয়ায় পোশাক শ্রমিকের শ্লীলতাহানি

ঢাকার আশুলিয়ার একটি তৈরি পোশাক কারখানার এক কর্মকর্তার বিরুদ্ধে নারী শ্রমিকের শ্লীলতাহানি করার অভিযোগ পাওয়া গেছে।
ওই নারী শ্রমিক প্রথম আলোকে বলেন, তিন মাস আগে তিনি আশুলিয়ার নরসিংহপুরের পোশাক কারখানা ডেকো ডিজাইনে চাকরি নেন। এরপর থেকে ওই কর্মকর্তা তাঁকে যৌন হয়রানি করেন। বিষয়টি তিনি কারখানার প্রশাসনিক বিভাগকে জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এসব কারণে ৯ অক্টোবর তিনি চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। ওই কর্মকর্তা এতে ক্ষিপ্ত হয়ে ওই দিন তাঁকে জোরপূর্বক কারখানার ভেতরের খালি জায়গায় নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন। সে সময় কারখানার দুজন শ্রমিক সেখানে চলে এলে তাঁকে ছেড়ে দেওয়া হয়। পরে বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। এরপর কর্তৃপক্ষ ঘটনা সম্পর্কে খোঁজখবর নেয়। তবে ওই কর্মকর্তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গত মঙ্গলবার ওই দুই শ্রমিকসহ তাঁকে কারখানা থেকে বের করে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী ওই দুই শ্রমিক বলেন, শ্লীলতাহানির চেষ্টার ঘটনা দেখে ফেলায় তাঁদের কারখানা থেকে বের করে দেওয়া হয়েছে।
গতকাল বুধবার মুঠোফোনে যোগাযোগ করা হলে অভিযুক্ত কর্মকর্তা বলেন, ‘মেয়েটির অভিযোগের বিষয়ে আমার কোনো বক্তব্য নেই।’ এরপর প্রশাসনিক ব্যবস্থাপকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিস্তারিত কথা বলার জন্য কারখানায় যেতে বলেন। তাঁর কথামতো গতকাল দুপুরে এ প্রতিবেদক কারখানায় গেলে তাঁকে প্রায় এক ঘণ্টা বাইরে দাঁড় করিয়ে রাখা হয়। নিরাপত্তাকর্মীরা তাঁকে ভেতরে ঢুকতে দেননি। শিল্প পুলিশ আশুলিয়া জোনের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, ‘এমন অভিযোগের কথা আমি শুনেছি। কিন্তু গতকাল পর্যন্ত ঘটনার পক্ষে তেমন কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। তবু বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’