ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় গতকাল রোববার রাতে দুর্বৃত্তরা গুলি করে জোনাব আলী (৬৫) নামের অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষককে হত্যা করেছে। জোনাব আলী উপজেলার বহরমপুর প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও আওয়ামী লীগের কর্মী ছিলেন। তিনি কুশনা গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, জোনাব আলী রোববার রাতে কোটচাঁদপুরের শেরখালী বাজারে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে চার-পাঁচজন সন্ত্রাসী এসে তাঁকে এলোপাতাড়ি গুলি করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার সময় জোনাব আলী পালানোর চেষ্টা করেছিলেন। কিন্তু সন্ত্রাসীরা তাঁকে ধরে মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে।