গরু বাঁধা নিয়ে বিরোধের জের ধরে নড়াইলের কালিয়া উপজেলায় গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের এক নেতার পায়ের রগ কেটে দিয়েছে সন্ত্রাসীরা। এতে বাধা দিতে গেলে একই দলের আরও দুজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন খায়ের সরদার (৩৭), এস এম শের আলী (৩৮) ও মহসিন তালুকদার (৩৬)। তাঁদের বাড়ি কলাবাড়িয়া গ্রামে। খায়ের ও শের আলী কলাবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য, মহসিন তালুকদার নড়াগাতি থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
এলাকাবাসী, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বোয়ালিয়ার চরের খালপাড়ে গরু বাঁধা নিয়ে খায়ের সরদারের সঙ্গে একই গ্রামের বিএনপির নেতা হাসমত তালুকদারের তর্কবিতর্কের একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে বিএনপির লোকজন খায়ের সরদারকে মারধরসহ ধারালো অস্ত্র দিয়ে পায়ের রগ কেটে দেয়। তা ঠেকাতে গেলে স্থানীয় ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য এস এম শের আলী ও মহসিন তালুকদারকে পিটিয়ে জখম করা হয়। স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করে তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।