লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি গোলাম ফারুকের ব্যবসাপ্রতিষ্ঠান মেসার্স ফরহাদ ট্রেডার্সে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ভাঙচুর করেছে। গত বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় চাঁদার দাবিতে এ হামলা হয় বলে জানা গেছে। হামলার সময় দোকানমালিক আওয়ামী লীগ নেতা দৌড়ে পালিয়ে আত্মরক্ষা করেন।
এ ঘটনায় দোকানমালিক ও আওয়ামী লীগ নেতা ফারুকের ছোট ভাই হাফিজুর রহমান বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার লালমনিরহাট সদর থানায় ১২ জনকে আসামি করে একটি মামলা করেছেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালানোর একপর্যায়ে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজনের হাতে মহেন্দ্রনগর ইউনিয়নের চিনিপাড়া গ্রামের বিপ্লব মিয়া (২৮) ধরা পড়েন। পরে পুলিশ গিয়ে তাঁকে আটক করে গ্রেপ্তার দেখায়।