চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকা থেকে ১৫ হাজার ইয়াবা বড়িসহ দুই ভাইকে আটক করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা তাঁদের আটক করেন। তাঁরা হলেন মো. নুরুল আলম (৩২) ও মো. নুরুন্নবী (২৮)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের উপপরিচালক মো. আলী আসলাম হোসেন বলেন, ফটিকছড়ি থেকে বিক্রির উদ্দেশে ইয়াবা বড়ি নিয়ে নগরে আসেন নুরুল আলম ও নুরুন্নবী। গোপন তথ্যের ভিত্তিতে দুজনকে ১৫ হাজার ইয়াবা বড়িসহ সদরঘাট এলাকা থেকে আটক করা হয়।