ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় কলেজছাত্রী আফরোজার ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনায় অভিযুক্ত শামীম মিয়াকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় ডাকবাংলো সড়কে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, শামীমকে দ্রুত গ্রেপ্তার করে দেশের প্রচলিত শাস্তির আওতায় আনতে হবে। এ জন্য পুলিশকে আরও তৎপর হতে আহ্বান জানান তাঁরা। মানববন্ধনে ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের কয়েক শ শিক্ষার্থী অংশ নেয়। এতে শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ মহির উদ্দিন তালুকদারসহ অন্য শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যরা বক্তব্য দেন।