স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে নেত্রকোনার বারহাট্টা উপজেলায় দুই বখাটে তরুণকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে বারহাট্টা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম রাফিকুজ্জামানের আদালত এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন বারহাট্টা উপজেলার বৃ-কালিকা গ্রামের চিন্ময় সরকারের ছেলে প্রান্ত সরকার (২১) ও নিতাই সরকারের ছেলে চন্দন সরকার (২২)।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই দুই তরুণ এক স্কুলছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত করতেন। আজ মঙ্গলবার বিদ্যালয়ে আসার পথে উপজেলা পরিষদের সামনে উত্ত্যক্ত করতে শুরু করে। এ সময় ওই ছাত্রী ও তার দুই সহপাঠী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোশারফ হোসেন খানের কাছে গিয়ে বিষয়টি জানায়। পরে ইউএনওর নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) রাফিকুজ্জামান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ড দেন।