এমবিবিএস ডিগ্রির ভুয়া সনদ বিক্রি চক্রের মূল হোতা আটক: ডিবি

হাতকড়া
প্রতীকী ছবি

রাজধানীতে মেডিকেলের ভুয়া সনদ বিক্রি চক্রের মূল হোতাকে আটক করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। চক্রটি দীর্ঘদিন ধরে এমবিবিএস ডিগ্রি ও উচ্চতর ডিগ্রির ভুয়া সনদ বিক্রি করে আসছিল।

ডিবি জানায়, আজ বুধবার খিলক্ষেতের পিংক সিটি এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূল হোতা এম এন হককে আটক করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, চিকিৎসা শাস্ত্রে এম এন হকের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা কিংবা সনদ নেই। কিন্তু তিনি বিশেষজ্ঞ চিকিৎসক সেজে মানুষকে অপচিকিৎসা দিয়ে আসছিলেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে এমবিবিএস ডিগ্রি ও উচ্চতর ডিগ্রির ভুয়া সনদ বিক্রি করছিলেন। ডিবির এক কর্মকর্তা সম্প্রতি এমবিবিএস সনদ কিনতে তাঁর সঙ্গে যোগাযোগ করেন। এ সময় তিনি ওই কর্মকর্তাকে সনদ দিতে রাজি হন ও তাঁকে রোগী দেখার কাজ চালিয়ে যেতে বলেন। ওই সূত্র ধরে এম এন হককে আটক করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে বুধবার রাতে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. ফারুক হোসেন প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।