নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা মাঝপাড়া গ্রামে গতকাল মঙ্গলবার দুপুরে একটি ধানখেত থেকে পরিত্যক্ত অবস্থায় ১৮টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। গত ৯ নভেম্বর ওই এলাকা থেকে সাতটি ককটেল উদ্ধার হয়েছিল। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইব্রাহিম হোসেন জানান, গ্রামের একটি ধানখেত থেকে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো ককটেলগুলো উদ্ধার করা হয়। বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে পুলিশি টহল থাকার কারণে দুর্বৃত্তরা ককটেলগুলো ধানখেতে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।