কসবায় গৃহবধূকে গলা কেটে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর শহরের বগাবাড়ি এলাকায় গতকাল বৃহস্পতিবার এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
কসবায় নিহত গৃহবধূর নাম পারভিন বেগম (৫০)। তিনি বগাবাড়ি গ্রামের তৌহিদ মিয়ার স্ত্রী। তৌহিদ সেনাবাহিনীতে চাকরি করেন। বর্তমানে তিনি পদ্মা সেতুর কাজে নিয়োজিত রয়েছেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত পারভিনের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। বড় মেয়ে তাহমিনা আক্তার ও ছোট মেয়ে খাদিজা বেগমের বিয়ে হয়েছে। একমাত্র ছেলে ফারুক মিয়াকে নিয়ে বাড়িতে থাকতেন পারভিন। ফারুক গতকাল ঘটনার সময় নিজের শিক্ষাপ্রতিষ্ঠান কসবা বদিউল আলম সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটে ছিলেন। দুপুরের দিকে এলাকাবাসী দেখতে পান, পারভিনদের বাড়ির প্রধান ফটকের দরজা বাইরে থেকে লাগানো। কিন্তু ঘরের দরজা ও জানালা খোলা। বাড়িতে মানুষের কোনো সাড়াশব্দ ছিল না। সন্দেহ হওয়ায় স্থানীয় কয়েকজন ভেতরে গিয়ে রক্তাক্ত অবস্থায় পারভিনকে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় তাঁর গলাকাটা লাশ উদ্ধার করে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।