কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের একতা বাজার এলাকার দুজন ভুয়া চিকিৎসককে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমদ হোসেন ভুঁইয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। কারাদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন রণধীর বড়ুয়া (৩৫) ও নিপুন চাকমা (৩৪)। রণধীরের বাড়ি উখিয়া উপজেলার মরিচ্যায় ও নিপুন চাকমার বাড়ি রাঙামাটিতে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমদ হোসেন ভুঁইয়া বলেন, কোনো ধরনের প্রাতিষ্ঠানিক সনদ ছাড়াই রণধীর ও নিপুন দীর্ঘদিন ধরে স্থানীয় লোকজনের চিকিৎসা করে আসছিলেন। গতকাল দুপুরে একতা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।