মাদারীপুরে আরিফ জাহান আজাদ মুনশি (২৬) নামে এক চিত্রশিল্পীকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাতে কালকিনি উপজেলার ডাসার থানার বালিগ্রাম ইউনিয়নের কর্ণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আজাদ একই এলাকার আবু আলম মুনশির ছেলে।
গতকাল বৃহস্পতিবার সকালে আজাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কালকিনির ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, ঢাকা-বরিশাল মহাসড়কের কর্ণপাড়া ব্রিজের ঢাল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্ত্রী ইয়াসমিন আক্তারকে (২২) আটক করা হয়েছে।
এমদাদুল হক আরও বলেন, গতকাল সন্ধ্যা পর্যন্ত এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি।