কিশোরগঞ্জ জেলা জামায়াতের কার্যালয়ে গতকাল রোববার অভিযান চালিয়েছে পুলিশ। এদিন দুপুরে শহরের নগুয়া এলাকার ওই কার্যালয়ে শিবিরের ১৫-২০ জন নেতা-কর্মী জড়ো হলে এ অভিযান চালানো হয়। এ সময় পুলিশ তিন শিবির কর্মীকে আটক করে। অন্যরা পালিয়ে যান।
পুলিশ জানায়, নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর উদ্দেশ্যে শিবিরের নেতা-কর্মীরা কার্যালয়ে জমায়েত হয়েছেন—এ খবরে অভিযান চালানো হয়। এ সময় মাসুম আহমেদ, আল বয়ান ও মো. মোস্তাকিম নামের তিনজনকে পুলিশ আটক করে। অভিযানে তিনটি মোটরসাইকেল, আটটি বাইসাইকেল, নয়টি মুঠোফোন, জিহাদি বই ও সিডিসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করে পুলিশ।