কুপিয়ে ও গুলি করে যুবলীগ নেতাকে হত্যা

লক্ষ্মীপুর সদর উপজেলার বালাইশপুর গ্রামে গতকাল শনিবার রাতে ফয়সাল আহমেদ (২৮) নামের যুবলীগের এক নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে।

নিহত ফয়সাল একই ইউনিয়নের ৩ নম্বর বালাইশপুর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও বালাইশপুর গ্রামের ফজলুল করিমের ছেলে বলে জানা গেছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান জানান, গতকাল রাত ১১টার দিকে স্থানীয় পোদ্দার বাজার থেকে ফয়সাল নিজ বাড়িতে ফেরার সময় হাওলাদার বাড়ির সামনে সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ রাত দেড়টার দিকে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।