একই পরিবারের মা-বাবা ও মেয়েকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গত বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ওয়ারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তাঁরা হলেন জাফর আলী (৪৯), তাঁর স্ত্রী শাহিনা খাতুন (৩২) ও তাঁর মেয়ে। সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন শাহিনা খাতুন বলেন, রাতে তাঁরা ঘরে ঘুমিয়ে ছিলেন। ঘরের পেছনের দিকের দরজা খুলে সাত-আটজন দুর্বৃত্ত অস্ত্রের মুখে তাঁদের বাড়ির অন্য সদস্যদের জিম্মি করে ফেলে। পরে তাঁর স্বামী জাফর আলীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় তিনি ও তাঁর মেয়ে চিৎকার করলে তাঁদেরও কুপিয়ে জখম করে তারা চলে যায়।