নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হিরণ (৫০) নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সকাল নয়টার দিকে উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
আড়াইহাজার থানার এসআই খোরশেদ বলেন, চৈতনকান্দা গ্রামে পাশাপাশি বাড়িতে হিরণ ও নুরু মিয়া বাস করেন। বাড়ির সামনে দিয়ে বৃষ্টির পানি যাওয়াকে কেন্দ্র করে গতকাল সকালে এই দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে নুরু মিয়া ও তাঁর লোকজন শাবল দিয়ে হিরণকে পেটালে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু ঘটে।