নেত্রকোনার কেন্দুয়ায় বখাটের হামলায় এক স্কুলছাত্রী আহত হয়েছে। বখাটে ছেলেকে পালিয়ে যেতে সহায়তা করার অভিযোগে বাবাকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার উপজেলার আশুজিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
পুলিশ, এলাকাবাসী ও মেয়েটির পারিবারিক সূত্র জানায়, নবম শ্রেণির ওই ছাত্রী গতকাল সকালে পরীক্ষা দিতে বিদ্যালয়ে যাচ্ছিল। এ সময় তার সঙ্গে এক সহপাঠীও ছিল। সাড়ে নয়টার দিকে ইউনিয়নের কৈলাটি গ্রামের রাস্তায় বখাটে সুমন মিয়া মেয়েটির ওপর হামলা করে। সুমন মিয়ার নিজের বাড়ির সামনের রাস্তাতেই চালানো হামলায় মেয়েটির মুখ ও মাথায় আঘাত লাগে। এ সময় লোকজন জড়ো হলে সুমন পালিয়ে যায়।
খবর পেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ স্থানীয় লোকজন এ ঘটনার বিচার করতে মেয়েটিকে সুমনদের বাড়িতে নিয়ে যায়।