
রাজধানীর খিলগাঁও থেকে গুরুতর আহত অবস্থায় এক নারীকে উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মুত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, আজ ভোরে খিলগাঁওয়ের তালতলা মার্কেটের প্রধান ফটকের কাছে পড়ে ছিলেন ওই নারী। গুরুতর আহত অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখে তিন কিশোর।
ওই নারীকে উদ্ধার করে সকাল ছয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে নেওয়ার পর ওই নারী নিজের নাম নার্গিস বলে জানান। তারপরই তিনি জ্ঞান হারান। পরে হাসপাতালের চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্র জানায়, ওই নারীর শরীরে ও মাথায় আঘাতের চিহ্ন ছিল।
ওই নারী কীভাবে আহত হলেন, সে সম্পর্কে তিনি কিছু বলে যেতে পারেননি। এ বিষয়ে তালতলা এলাকার লোকজনই কিছু জানাতে পারেননি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প সূত্র জানায়, নিহত নারীর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। তারা বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানিয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন পথচারীকে পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুকুল আলম বলেন, খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গেছে। ঠিক কী ঘটনা ঘটেছে, তা জানার চেষ্টা করছে পুলিশ।