নারায়ণগঞ্জের আড়াইহাজারে আন্তস্কুল ফুটবল প্রতিযোগিতায় ফাউল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে খেলোয়াড়সহ দুই বিদ্যালয়ের অন্তত ১৫ ছাত্র আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার পাঁচগাঁও উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
একাধিক সূত্রে জানা গেছে, উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে ২৪টি মাধ্যমিক বিদ্যালয়কে নিয়ে গত বুধবার ৪৫তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। গতকাল বিকেলে উপজেলার পাঁচগাঁও উচ্চবিদ্যালয় মাঠে আড়াইহাজার মডেল পাইলট উচ্চবিদ্যালয় ও বান্টি আদর্শ উচ্চবিদ্যালয়ের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলার মধ্যভাগে বিরতির পর একটি ফাউলকে কেন্দ্র করে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে উভয় দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়।