
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক মামলায় এক যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন বিচারক। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম ঠান্ডা মিয়া (৪০)। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার আরজি সাহাপুর গ্রামের মনতাজ আলীর ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফারুক আহম্মেদ বলেন, মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এ রায় দিয়েছেন। রায় ঘোষণার সময় ঠান্ডা মিয়া আদালতে উপস্থিত ছিলেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৪ অক্টোবর মাদক কেনাবেচার খবর পেয়ে ঠান্ডা মিয়ার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় ঠান্ডা মিয়ার শরীরে তল্লাশি করে পলিথিনে মোড়ানো অবস্থায় ১০০ গ্রাম হেরোইনসহ তাঁকে আটক করা হয়। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বাদী হয়ে ঠান্ডা মিয়ার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।