ঢাকার বনানী থেকে গত সোমবার ছিনতাই হওয়া একটি ব্যক্তিগত গাড়ি ওই রাতেই রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট থেকে উদ্ধার করেছে পুলিশ। গোয়ালন্দ ঘাট থানা ও নৌ-পুলিশ ফাঁড়ি এ অভিযান চালায়। এ সময় গাড়ির চালকের আসনে থাকা শহিদুল ইসলামকে (৩৫) আটক করা হয়। তাঁর বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া গ্রামে। দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক শামসুল হক বলেন, প্রযুক্তি ব্যবহার করে গাড়িটি উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার বনানী থানার পুলিশ গাড়িসহ আটক চালককে নিয়ে গেছে।