দিনাজপুরের হিলিতে পাঁচটি বোমা এবং এক কেজি গানপাউডারসহ দুই যুবককে আটক করেছে র্যা ব। গতকাল শনিবার সকাল ১০টায় সীমান্তের চুড়িপট্টি এলাকা থেকে ওই দুই যুবককে আটক করে তাঁদের রংপুর র্যা ব কার্যালয়ে নেওয়া হয়েছে। আটক দুই যুবক হলেন উপজেলার দক্ষিণ বাসুদেবপুর (ক্যাম্পপট্টি) গ্রামের সোহাগ (৩০) ও মধ্য বাসুদেবপুর গ্রামের কালু (২৫)। র্যা ব-১৩ দিনাজপুর ক্যাম্পের কর্মকর্তা (এএসপি) মো. আফজাল হোসেন প্রথম আলোকে বলেন, ভারত থেকে বিস্ফোরক দ্রব্য পাচার হয়ে দেশে ঢুকছে—এমন খবর পেয়ে র্যা বের দিনাজপুর ক্যাম্পের সদস্যরা হিলি সীমান্তে অভিযানে যান। এ সময় তাঁরা চুড়িপট্টি এলাকা থেকে এক কেজি গানপাউডার, পাঁচটি হাতবোমাসহ ওই দুই যুবককে আটক করেন।