নাটোরের গুরুদাসপুরে গত শুক্রবার রাতে চালককে মারধর করে ব্যাটারিচালিত একটি রিকশাভ্যান ছিনতাই করার অভিযোগে চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার করা ছিনতাইকারীরা হলো গুরুদাসপুর উপজেলার যোগেন্দ্রনগর গ্রামের শহিদুল ইসলাম (৪০) ও তার ছোট ভাই শরিফ (৩৮), খুবজীপুর গ্রামের সাইদুর রহমান (৫০) এবং টাঙ্গাইলের মটরা গ্রামের রফিকুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম হোসেনের তথ্যমতে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। গতকাল শনিবার আদালতের মাধ্যমে তাদের নাটোর কারাগারে পাঠানো হয়েছে।
ভুক্তভোগী উপজেলার বিন্যাবাড়ি গ্রামের রিকশাভ্যানচালক করিম সরকার বলেন, অভিযুক্ত ব্যক্তিরা শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে গুরুদাসপুর পাইলট উচ্চবিদ্যালয়ের সামনে থেকে নাজিরপুর যাওয়ার উদ্দেশে তার ভ্যানগাড়িতে ওঠে। রাত সাড়ে ১১টার দিকে জুমাইনগর কবরস্থান এলাকায় পৌঁছালে তারা তাঁর মুখে স্কচটেপ লাগিয়ে ও হাত-পা রশি দিয়ে বেঁধে একটি আমবাগানে ফেলে রেখে ভ্যান নিয়ে চলে যায়।