সংক্ষেপ

গুলিবর্ষণ

নড়াইলের লোহাগড়ায় দুই পক্ষের সংঘর্ষ থামাতে পুলিশ শটগানের ১০টি ফাঁকা গুলি ছুড়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের তেলকাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত কদম শিকদার ও এসকেন মোল্লাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানান, ওই গ্রামে নিজাম শেখ ও ইউপি সদস্য বায়েজিত শেখের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। গতকাল সকালে বায়েজিত শেখ পক্ষের ইমানুর মোল্লা নিজের স্ত্রীকে মারধর করেন। এর প্রতিবাদ করেন নিজাম শেখ পক্ষের ইউনুছ মোল্লা। এতে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।