সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামে গতকাল শুক্রবার সকালে ঝর্ণা দাস নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গৃহবধূর শ্বশুর সূর্যকান্ত দাস ও দেবর সাধন কুমার দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গৃহবধূর ভাই কাদাকাটি গ্রামের গোপাল সানা জানান, ঝর্ণা দাসের (৩৫) স্বামী হারাধন দাস, দেবর, শ্বশুর ও শাশুড়ি প্রায়ই তাঁর বোনকে কারণে-আকরণে মারধর করতেন। গতকাল সকাল ১০টার দিকে কাজ করা-না করা নিয়ে শাশুড়ির সঙ্গে তর্ক-বিতর্কের একপর্যায়ে শাশুড়ি, দেবর ও শ্বশুর মিলে ঝর্ণাকে প্রথমে কিল, চড় ও ঘুষি মারেন। পরে লাঠি দিয়ে পেটানো হয়। একপর্যায়ে তাঁর মৃত্যু হয়।
আশাশুনি থানার ওসি আহসান হাবীব বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।