গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তার করার দাবিতে গতকাল শনিবার পঞ্চগড়ের সদর উপজেলায় মানববন্ধন করা হয়েছে। দুপুরে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের জগদল বাজারে আয়োজিত এই কর্মসূচিতে স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, শিশুর পরিবারের সদস্যসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। পঞ্চগড় সদর থানার ওসি মো. মমিনুল ইসলাম মানববন্ধনে উপস্থিত হয়ে অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার করার প্রতিশ্রুতি দেন। ৭ ডিসেম্বর সদর উপজেলার জগদল নগরডাঙ্গা এলাকার আবু তাহের পাঁচ বছরের ওই শিশুকে তার বাড়িতে নিয়ে ধর্ষণ করে। এই ঘটনায় তার বিরুদ্ধে ৯ ডিসেম্বর পঞ্চগড় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। পঞ্চগড় প্রতিনিধি