চট্টগ্রাম নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে গতকাল মঙ্গলবার বিকেলে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সমন জারির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ ঘটনা ঘটে।
নাসিমন ভবন চত্বরে এ সমাবেশের আয়োজন করে নগর ছাত্রদল।
নগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ উল্লা ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনের সমর্থকদের মধ্যে কয়েক দফায় হাতাহাতি হয়।
সূত্র জানায়, সমাবেশ শুরু হলে গাজী সিরাজ উল্লার নামে তাঁর সমর্থকেরা স্লোগান দিতে থাকেন। এ সময় ব্যক্তির নামে স্লোগান দিতে নিষেধ করেন বেলায়েত হোসেন। এর পরও কর্মীরা সভাপতির নামে স্লোগান দেন। একপর্যায়ে উত্তেজিত হয়ে বেলায়েত কর্মীদের ‘বেয়াদব’ আখ্যায়িত করেন। এ সময় দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তাঁরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন।