রমজান মাস উপলক্ষে অতিরিক্ত দামে সবজি বিক্রির দায়ে চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারের এক আড়তদারসহ তিনজনকে ৫৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম এ অভিযান চালান।
আশরাফুল আলম প্রথম আলোকে জানান, রমজানে নিত্যপণ্যের মূল্য স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। রিয়াজউদ্দিন বাজারে অভিযান চালানোর সময় দেখা গেছে, বিক্রেতারা বেগুন ও কাঁচা মরিচের দাম বাড়িয়ে দিয়েছেন। এ কারণে সবজি আড়তদার একতা বাণিজ্যালয়ের মালিক মো. নাসিরকে ৫০ হাজার টাকা, পাইকারি বিক্রেতা আবুল হাশেমকে পাঁচ হাজার টাকা ও খুচরা বিক্রেতা ইউসুফ আলীকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।