আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সদস্য সন্দেহে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে চট্টগ্রামের ফটিকছড়ি ও সীতাকুণ্ডে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন তৌহিদুল আলম (২২) ওরফে মানকি ওরফে আবদুল্লাহ ওরফে রাহাত ওরফে আবদুর রহমান ও আরিফুল মোস্তফা (২৩)।
পুলিশ জানিয়েছে, তৌহিদুল আলমকে তাঁর বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দক্ষিণ সুন্দরপুর বিবিরহাট এলাকা থেকে ও আরিফুল মোস্তফাকে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড মান্দারিটোলা নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার তাঁদের আদালতে তোলা হয়। প্রত্যেকের জন্য ১০ দিন করে রিমান্ড চেয়েছে পুলিশ। আগামী রোববার এ বিষয়ে শুনানি হবে বলে জানান সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান। তিনি প্রথম আলোকে বলেন, গত রোববার উপজেলার বাড়বকুণ্ড রেলগেট এলাকায় বড় ধরনের নাশকতার প্রস্তুতি নেওয়ার সময় অভিযান চালিয়ে মুসাব ইবনে ওমায়েদ (২৫), মোহাম্মদ শিপন ওরফে ফয়সল (২৫), খোরশেদ আলম (৩১) ও রাসেল মোহাম্মদ ইসলাম (৪০) নামে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। সে সময় ওই চার জঙ্গির সঙ্গে তৌহিদুল ও আরিফুল ছিল। পুলিশের অভিযান টের পেয়ে তাঁরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে পুলিশ তাঁদের ধরতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তৌহিদুল আলম পুলিশকে জঙ্গি তৎপরতার গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানান তিনি।
ইফতেখার হাসান আরও বলেন, গত রোববার গ্রেপ্তার চার জঙ্গির বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়।