চট্টগ্রামে বিমানবন্দরে ৭৭ লাখ টাকার স্বর্ণ উদ্ধার

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ৭৭ লাখ টাকার সোনার বার ও অলংকার উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। আজ মঙ্গলবার সকাল সাতটা ৪০ মিনিটের দিকে এগুলো জব্দ করা হয়।
প্রথম আলোকে দেওয়া শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক সুশান্ত পালের ভাষ্য, বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজে করে দুবাই থেকে আজ চট্টগ্রামে আসেন মোহাম্মদ রফিক নামের এক যাত্রী। ইমিগ্রেশন ও কাস্টমসের কাজ শেষে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তাঁর শরীর তল্লাশি করে ১৪টি সোনার বার ও ৭৭টি সোনার চেইন উদ্ধার করা হয়। এগুলোর ওজন এক কেজি ৮৭০ গ্রাম। উদ্ধার করা সোনার দাম ৭৭ লাখ টাকা। মোহাম্মদ রফিককে আটক করে মামলা করার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।