চট্টগ্রামে হামলায় পাঁচ পুলিশ আহত

চট্টগ্রামে এক মাদক ব্যবসায়ীকে ধরতে গিয়ে হামলায় পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন। গত মঙ্গলবার দিবাগত রাতে নগরের হালিশহরের রঙ্গিপাড়া বস্তিতে এ ঘটনা ঘটে।
পুলিশের আহত সদস্যরা হলেন হালিশহর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান, হিমেল রায় ও নুরুল আবছার এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) জাকির হোসেন ও মো. শরীফ। তাঁরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী প্রথম আলোকে বলেন, তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মো. সোহেলকে ধরতে পুলিশের একটি দল রঙ্গিপাড়া বস্তিতে যায়। এ সময় তার সহযোগী ও পরিবারের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় মাদক ব্যবসায়ী সোহেল ও তাঁর বাবা জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়।