
সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় বাসচালকের সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেট।
গতকাল রোববার রাতে সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ বোরাইগাঁও থেকে আবদুর রশীদকে (২৭) গ্রেপ্তার করা হয়। তিনি সুনামগঞ্জের ছাতক কামরাঙ্গী এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই সিলেটের পুলিশ সুপার খালেদ উজ জামান। তিনি বলেন, পিবিআই সিলেটের একটি দল সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ বোরাইগাঁও থেকে আবদুর রশীদকে গ্রেপ্তার করে। ঘটনার পর তিনি গা ঢাকা দিয়েছিলেন। তাঁকে দিরাই থানায় হস্তান্তর করা হবে।
এর আগে গত শনিবার বিকেলে সুনামগঞ্জের দিরাই উপজেলায় চলন্ত বাসে ওই ছাত্রীকে ধর্ষণচেষ্টা চালান বাসের চালক ও চালকের সহকারী। নিজেকে রক্ষা করতে বাস থেকে লাফ দেয় ওই ছাত্রী। এতে সে গুরুতর আহত হয়। বর্তমানে সে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ওই রাতে কলেজছাত্রীর বাবা দিরাই থানায় তিনজনের নামে মামলা করেন।
ওই ছাত্রীর পরিবার জানায়, কলেজছাত্রীর বড় বোনের বিয়ে হয়েছে সিলেটে। বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল সে। শনিবার দুপুরে সিলেট থেকে দিরাইগামী যাত্রীবাহী বাসে তাকে তুলে দেন তার বড় বোনের স্বামী। বাসটি পথে যাত্রী ওঠানামা করে আসছিল। একপর্যায়ে বাসটিতে ওই ছাত্রী একা হয়ে পড়ে। তখন সুযোগ পেয়ে বাসের চালক তাঁর সহকারীকে চালাতে দিয়ে মেয়েটির সঙ্গে আপত্তিকর আচরণ করেন। এক ফাঁকে মেয়েটি বাস থেকে লাফ দিয়ে নেমে পড়ে। এতে সে গুরুতর আহত হয়। পথচারীরা তাকে রাস্তায় পেয়ে সেখান থেকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে পরিবারের লোকজন সেখানে যান। মাথার আঘাত গুরুতর হওয়ায় তাকে ওই রাতেই সিলেটের হাসপাতালে ভর্তি করা হয়।