চলন্ত বাসে পোশাককর্মীকে ধর্ষণচেষ্টা মামলায় চালক ও সহকারী গ্রেপ্তার

গ্রেপ্তার
প্রতীকী ছবি

চট্টগ্রামে চলন্ত বাসে এক পোশাককর্মীকে ধর্ষণচেষ্টা মামলায় বাসচালক ও সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাতে হাটহাজারী কুয়াইশ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

চালকের নাম মোহাম্মদ টিপু ও সহকারীর নাম জনি দাস। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা আজ প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে বাসচালক ও সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ঘটনা স্বীকার করেছেন। দুজনকে আদালতে পাঠানো হবে।

গতকাল বুধবার জ্ঞান ফেরার পর ঘটনার শিকার ওই পোশাককর্মী চলন্ত বাসে তাঁকে ধর্ষণচেষ্টার অভিযোগ করেন। রাতে থানায় মামলা হয়।

১৯ মে রাতে নগরের শাহ আমানত সেতু সংযোগ সড়কের রাহাত্তারপুল এলাকায় এ ঘটনা ঘটে। ছয় দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে ওই তরুণী মঙ্গলবার বিকেলে বাসায় ফিরেছেন। তরুণীটি নগরের একটি পোশাক কারখানায় কাজ করেন। প্রতিষ্ঠানটির বাসযোগে বাসায় ফেরার সময় এ ঘটনা ঘটে।

গত বুধবার বাকলিয়া থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল হকসহ নারী কর্মকর্তারা ওই তরুণীর বাসায় যান। এ সময় ওই তরুণী ফাঁকা বাসে তাঁকে ধর্ষণচেষ্টা করা হয়েছিল বলে পুলিশকে জানান।

এর আগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার ওই তরুণী একবার পুলিশকে জানিয়েছিলেন, তিনি বাস থেকে পড়ে গিয়েছিলেন। তখন ধর্ষণচেষ্টার কথা বলেননি বলে ওসি জানিয়েছিলেন।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা প্রথম আলোকে বলেন, বহদ্দারহাট থেকে বাসটি সংযোগ সেতুর দিকে যাওয়ার পথে রাত ১০টার পর আর কোনো সহকর্মী সেখানে ছিলেন না। তখন তাঁর বাসার স্টপেজে তাঁকে নামতে দেয়নি চালক।

গাড়িটি তখন চালাচ্ছিল বাসের সহকারী। চালক দরজার সামনে এসে তরুণীকে ওখানে নামতে বাধা দেয়। বাসটিও চলতে থাকে। একপর্যায়ে তরুণীকে বাসের পেছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলে জানান তিনি। পরে তিনি বাস থেকে লাফ দিয়ে অজ্ঞান হয়ে পড়েন। তরুণী বর্তমানে বাসায় আছেন।