চাঁদপুরে 'বন্দুকযুদ্ধে' সন্দেহভাজন মাদক ব্যবসায়ী নিহত

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশ বলছে, নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী ছিলেন।

গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সূচীপাড়া ইউনিয়নের শোরশাক এলাকায় কথিত এই বন্দুকযুদ্ধ হয়।

নিহত ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। তারা বলছে, ঘটনাস্থল থেকে একটি পাইপগান,৬টি কার্তুজ ও ৮৩টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। বন্দুকযুদ্ধে পুলিশের তিনজন সদস্য আহত হয়েছেন।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে টহল পুলিশের একটি দল গতকাল দিবাগত রাত সোয়া দুইটায় দিকে শোরশাক এলাকায় মাদক উদ্ধার করতে যায়। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর হামলা চালায়। পুলিশের বন্দুকযুদ্ধে অজ্ঞাত এক মাদক ব্যবসায়ী নিহত হন।

নিহত ব্যক্তির লাশ চাঁদপুর সদর হাসপাতালের মর্গে রয়েছে বলে জানায় পুলিশ।