চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে আজ সোমবার রাতে একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে হতাহতের খবর পাওয়া যায়নি।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম ও স্থানীয় ইউপি চেয়ারম্যান বেনাউল ইসলাম জানান, রাত সাড়ে আটটার দিকে একটি খালি ট্রাক কানসাট বাজারসংলগ্ন শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে গিয়ে থামে। এ সময় দুর্বৃত্তরা সেখানে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে তাঁরা ওই ট্রাকে আগুন ধরিয়ে দেয়। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ট্রাকের সামনের অংশ পুড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটেনি।