চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ছয়জনকে আটক করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের আটক করে র্যাব-১ এর একটি দল। র্যাব সদর দপ্তর থেকে পাঠানো খুদেবার্তায় এসব তথ্য জানানো হয়।
খুদেবার্তায় বলা হয়, আটক ছয়জন সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য। এঁদের কাছ থেকে নয়টি জাল নিয়োগপত্র পাওয়া যায়। আটককৃতরা চাকরিপ্রত্যাশী ১৩ জনের কাছে জাল নিয়োগপত্র দিয়ে ৩৯ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলেও খুদেবার্তায় বলা হয়।