সংক্ষেপ

চালক উধাও

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট থেকে গত মঙ্গলবার রাতে প্রায় লাখ টাকার ডাবভর্তি ট্রাক নিয়ে উধাও হয়েছেন চালক। এ ঘটনায় গতকাল গোয়ালন্দ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ডাবের মালিক এনামুল হক ও জব্বার মোল্যা জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের জামতলা এলাকায় একটি খালি ট্রাক থামান তাঁরা। ৬ হাজার ৫০০ টাকা ভাড়ায় ঢাকার মিরপুরে পৌঁছে দেওয়ার চুক্তি হয়। রাত সাড়ে ১১টার দিকে ট্রাকটি দৌলতদিয়া ক্যানালঘাটে পৌঁছায়। ঘাটে গাড়ির সারি থাকায় তাঁরা (ডাবের দুই মালিক) ঘাটের কাছে হোটেলে ভাত খেতে যান। এ সময় চালক যানজট এড়াতে বিকল্প সড়ক দিয়ে চর দৌলতদিয়া ঘুরে ফেরিঘাটে পৌঁছানোর কথা বলে রওনা হন। পরে চালকের দেওয়া ঠিকানা অনুযায়ী ঘটনাস্থলে পৌঁছে তাঁরা গাড়ি খুঁজে পান না। এর পর থেকে চালকের মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাসির উল্যাহ বলেন, চালক সম্ভবত ডাবের মালিকদের বোকা বানিয়ে নদী পাড়ি না দিয়ে উল্টো দিকে ছুটেছেন। এ ব্যাপারে পুলিশ খোঁজখবর নিচ্ছে।