চাল নিয়ে চালবাজিতে ধরা খেলেন আ. লীগ নেতা

ময়মনসিংহের ভালুকা উপজেলায় হতদরিদ্রদের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বরাদ্দকৃত ১০ টাকা কেজি দরের চাল পাচারের সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন আওয়ামী লীগের এক নেতা। আজ সোমবার ভোরে তাঁকে ভালুকা মডেল থানা-পুলিশে সোপর্দ করা হয়।

আটক আওয়ামী লীগ নেতার নাম জসীম উদ্দিন খান। তিনি ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

স্থানীয় বাসিন্দারা বলেন, নিজের রাজনৈতিক পদ ব্যবহার করে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের জন্য বরাদ্দ ১০ টাকা কেজি চাল বিক্রির ডিলারশিপ নেন জসীম উদ্দিন খান। গতকাল সোমবার দিবাগত রাতে তিনি উপজেলার বগাজান বাজারে তাঁর গোডাউন থেকে দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ৪০ বস্তা চাল পাচারের উদ্দেশে একটি ট্রাকে ওঠাতে থাকেন। বিষয়টি আশপাশের লোকজন জানতে পেরে জসীম উদ্দিন খান ও ট্রাকচালকসহ ট্রাকটিকে আটকে রাখেন। পরে ভালুকা মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালভর্তি ট্রাকসহ দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে মেদুয়ারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জেসমিন নাহার বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি মূল্যের ৫০০ কেজি চাল ভর্তি ট্রাকসহ দুজনকে আটক করেছে ভালুকা মডেল থানা-পুলিশ।

এ ব্যাপারে জানতে চাইলে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বলেন, ৪০ বস্তা চালভর্তি একটি ট্রাকসহ চালক ও ডিলারকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।