চিনে ফেলায় বৃদ্ধাকে খুন করেন ৩ তরুণ!

বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার স্ত্রী হোসনে আরা বেগমকে গলা কেটে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে তিন তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: প্রথম আলো
বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার স্ত্রী হোসনে আরা বেগমকে গলা কেটে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে তিন তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: প্রথম আলো

বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার স্ত্রীকে গলা কেটে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে তিন তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, চুরি করতে যাওয়া তিন তরুণকে চিনে ফেলায় খুন হন ওই বৃদ্ধা। পরে বৃদ্ধার জানাজায়ও অংশও নেন তাঁরা।

২১ মার্চ রাতে শহরের দক্ষিণ সরুই এলাকায় গণপূর্ত বিভাগের অবসরপ্রাপ্ত প্রকৌশলী মো. আবদুর রহিমের স্ত্রী হোসনে আরা বেগমকে (৬০) গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। পরের দিন নিহত নারীর বড় ছেলে বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

এই ঘটনার ছয় দিনের মাথায় আজ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার তিন তরুণ হলেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার গোবাড়িয়া গ্রামের মো. রিয়াজ শেখ (২২), মো. রিয়াদ শেখ (২০) ও মো. মিরাজুল ইসলাম পাপন (১৯)।

পুলিশ জানায়, চুরি করতে গিয়ে এই তিনজন ওই হত্যাকাণ্ড ঘটান। গ্রেপ্তার তরুণদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত অস্ত্রসহ ২টি স্বর্ণের রুলি, ১টি স্বর্ণের চেইন ও এক জোড়া কানের দুল উদ্ধার করেছে পুলিশ।

বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) পংকজ চন্দ্র রায় আজ তাঁর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, নিহত নারীর স্বামী ও তিন ছেলের কেউই বাড়িতে নেই—এই তথ্য আগে থেকেই তাঁদের কাছে ছিল। বৃদ্ধার একা থাকার খবর জানতে পেরে ২১ মার্চ রাত সাড়ে নয়টার দিকে চুরির পরিকল্পনা করে ওই বাড়িতে যান তিন তরুণ। প্রথমে নারকেল কেনার কথা বলে ঘরে ঢোকেন তাঁরা। এরপর বৃদ্ধা দুর্বৃত্তদের চিনে ফেললে প্রথমে তাঁরা বৃদ্ধার মাথায় আঘাত করেন। পরে চেতনানাশক স্প্রে দিয়ে অজ্ঞান করে বঁটি ও ছুরি দিয়ে গলা কেটে তাঁকে হত্যা করেন। এরপর ঘরের আলমারি ভেঙে স্বর্ণালংকার ও এক লাখ টাকা লুট করে পালিয়ে যান তাঁরা।

এসপি বলেন, গ্রেপ্তার তিন তরুণ হত্যার পরের দিন নিহত নারীর জানাজায় অংশ নেন। চুরির উদ্দেশ্যে গেলেও বৃদ্ধা তাঁদের চিনে ফেলায় তাঁকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করেছেন গ্রেপ্তার তরুণেরা।