চৌগাছায় 'বন্দুকযুদ্ধে' যুবক নিহত

যশোরের চৌগাছা উপজেলায় দুই পক্ষের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার রাতে উপজেলার নিমতলা এলাকায় চৌগাছা-যশোর সড়কের পাশে বন্দুকযুদ্ধের এই ঘটনা ঘটে। পুলিশের ভাষ্য, দুই দল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলিতে ওই ব্যক্তি নিহত হন।

নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। তাঁর আনুমানিক বয়স ৩২ বছর।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন বলেন, গতকাল দিবাগত রাত দুইটার দিকে উপজেলার নিমতলা এলাকায় চৌগাছা-যশোর সড়কের পাশে দুই দল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলি চলছে—এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে গিয়ে গুলিবিদ্ধ এক যুবককে পড়ে থাকতে দেখা যায়। এ সময় তাঁর পাশ থেকে একটি গুলি ও একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। ওই ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক এ সময় তাঁকে মৃত ঘোষণা করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই যুবকের পরিচয় জানা যায়নি।