পাবনা সদর উপজেলার হরিনারায়ণপুর গ্রামে আজ রোববার বিকেলে আওয়ামী লীগ নেতা রিপন হোসেনকে (৪০) কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি ওই গ্রামের বাসিন্দা ও গয়েশপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, গ্রামের এক ব্যক্তির ছাগল চুরি নিয়ে সকালে একটি সালিস বৈঠক হয়। বৈঠকে রিপন বিচারকের দায়িত্ব পালন করেন। বিচারে একপক্ষ চোর সাব্যস্ত হওয়ায় তাদের ১৫ হাজার টাকা জরিমানা করেন। এ কারণে ওই পক্ষের লোকজন তাঁর ওপর ক্ষিপ্ত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সোয়া পাঁচটার দিকে রিপন নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় চার থেকে পাঁচজন দুর্বৃত্ত এসে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ সেলিম প্রথম আলোকে বলেন, ‘ধারণা করা হচ্ছে, ওই সালিস বৈঠকে জরিমানা করার জের ধরেই প্রতিপক্ষের লোকজন তাঁকে কুপিয়ে হত্যা করেছে। আমরা বিষয়টি তদন্ত করছি। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।