কুষ্টিয়ার কুমারখালীতে উপজেলা ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। গতকাল মঙ্গলবার দুপুরে কুমারখালী কলেজসংলগ্ন সরকারি মৎস্য হ্যাচারি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।
আহত ওই ছাত্রলীগ নেতার নাম রাজু আহমেদ (২২)। তাঁর বাড়ি কুমারখালী শহরতলির বাটিকামারা গ্রামে। তিনি কুমারখালী কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র ও উপজেলা ছাত্রলীগের উপসম্পাদক। রাজুকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি রাইসুল ইসলাম বলেন, দুপুরে সাত-আটজনের একটি দল রাজুর ওপর হামলা করে। তারা চাপাতি দিয়ে তাঁকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।