ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজ হাওলাদারকে (২৫) কুপিয়ে জখম করা হয়েছে। গত শনিবার সন্ধ্যা সাতটার সময় লতাচাপলী ইউনিয়নের আলীপুর মৎস্য বন্দরে এ ঘটনা ঘটেছে।

রিয়াজের পরিবার এ ঘটনার জন্য ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনসার উদ্দিন মোল্লাকে দায়ী করেছে।

তবে আনসার উদ্দিন মোল্লা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি কেন এ ঘটনা ঘটাইতে যাব। বরং আমি হামলার ঘটনা শোনার পর নিজেই ঘটনাস্থলে যাই, পুলিশে খবর দিই। রিয়াজের নামে ছিনতাইয়ের ঘটনাসহ ইয়াবার মামলা রয়েছে। এখন কোন কারণে এ ঘটনা ঘটেছে, তা আমি বলতে পারব না।’

মহীপুর থানার ওসি এস এম মাকসুদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলেও সেখানে কাউকে পাওয়া যায়নি।